logo

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, মাথায় হাত দিনমজুরের

তিন মাসে ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল, মাথায় হাত দিনমজুরের
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার টাকা। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক দিনমজুরের বাড়িতে তিন মাসে বিদ্যুৎ বিল এসেছে ৫০ হাজার ৩০ টাকা। অথচ তার দাবি, বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ব্যবহারের পাশাপাশি ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। সীমিত ব্যবহারের বিপরীতে অস্বাভাবিক এই বিল পেয়ে বিপাকে পড়েছে ছয় সদস্যের পরিবারটি।

ভুক্তভোগী মো. ইউনুস আলী ফুলবাড়ী সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। তিনি মৃত আফতাব আলীর ছেলে। পেশায় দিনমজুর ইউনুস আলীর সংসার চলে দিন এনে দিন খেয়ে। তার সম্বল বলতে আড়াই শতক ভিটেমাটি। সেখানে পরিবারের ছয় সদস্যকে নিয়ে বসবাস করেন তিনি।

Advertisement

বিদ্যুৎ বিলের কাগজ অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ৪৬৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল এসেছে ২৩ হাজার ২৭ টাকা। অক্টোবর মাসে ৪২৯ ইউনিটের বিপরীতে ৯ হাজার ১৬০ টাকা এবং নভেম্বর মাসে ৫০৪ ইউনিটের বিপরীতে বিল এসেছে ১৭ হাজার ৮৪৩ টাকা। সব মিলিয়ে তিন মাসে ১ হাজার ৩৯৮ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে বিল দাঁড়িয়েছে ৫০ হাজার ৩০ টাকা।

ইউনুস আলীর দাবি, তার বাড়িতে একটি বাতি ও একটি ফ্যান ছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম বলতে তেমন কিছু নেই। শুধু ছোট একটি মিশুক গাড়ি চার্জ দেওয়া হয়। এত অল্প বিদ্যুৎ ব্যবহারের পরও কীভাবে প্রতি মাসে শত শত ইউনিট বিদ্যুৎ খরচ দেখানো হচ্ছে, তা তার বোধগম্য নয়।

তিনি বলেন, অস্বাভাবিক বিল পাওয়ার পর একাধিকবার ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে বিষয়টি জানিয়েছেন। এজিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে অভিযোগ করেও কোনো সমাধান পাননি। উল্টো দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ তার। পরে বাধ্য হয়ে বিষয়টি সাংবাদিকদের জানান।

দিনমজুরি করে সংসার চালানো ইউনুস আলীর পক্ষে একসঙ্গে এত টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা প্রায় অসম্ভব। ফলে বিল নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার পরিবারের সদস্যদের।

এ বিষয়ে ফুলবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসের জোনাল ম্যানেজার আসাদুজ্জামান মিয়া বলেন, কোনো গ্রাহকের সমস্যা থাকলে তাকে অফিসে এসে অভিযোগ করতে হবে। সাংবাদিকদের কাছে যাওয়ার প্রয়োজন কী? তারা প্রতি মাসে নিজেরাই ৫০ থেকে ১০০টি মিটার পরীক্ষা করেন। কোনো মিটারে সমস্যা থাকলে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৫০ হাজার টাকার বিলের বিষয়ে তিনি বলেন, প্রকৃতপক্ষে তার বিল যদি ৫০ হাজার টাকা এসে থাকে, তাহলে তাকে ৫০ হাজার টাকা পরিশোধ করতে হবে। তবে কোনো ত্রুটি-বিচ্যুতি থাকলে তা সংশোধন করা হবে।