logo

ভিটেমাটি বাঁচাতে বাঁধ নির্মাণ করছেন গ্রামবাসী

ভিটেমাটি বাঁচাতে বাঁধ নির্মাণ করছেন গ্রামবাসী
চর মেকলি গ্রামে দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাঁধের কাজের উদ্ধোধন করা হয়। ছবি : এশিয়া পোস্ট

নদীভাঙনে একের পর এক বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হলেও কার্যকর কোনো উদ্যোগ মেলেনি প্রশাসনের পক্ষ থেকে। তাই শেষ পর্যন্ত নিজেদের ঘরবাড়ি ও জমি রক্ষায় স্বেচ্ছাশ্রম ও আর্থিক সহায়তায় নিজেরাই বাঁধ নির্মাণে নেমেছেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। প্রায় ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।

গত সোমবার (১৬ নভেম্বর) উপজেলার বড়ভিটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চর মেকলি গ্রামে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ কাজের সূচনা হয়। পরে এক মতবিনিময় সভা শেষে নির্মাণকাজের উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, বড়ভিটা ইউনিয়নের পশ্চিম চর মেকলি থেকে চর পশ্চিম থানিরাম পর্যন্ত ধরলা নদীর তীরবর্তী এলাকায় বাঁধটি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইউনুস আলীর বাড়ি থেকে হুজুর আলীর বাড়ি পর্যন্ত প্রায় ১ হাজার ৩০০ মিটার দীর্ঘ এই বাঁধের ওপরের অংশের প্রস্থ হবে ৫০ ফুট এবং দুই পাশের ঢালসহ মোট বিস্তৃতি হবে ১০০ ফুট। ইতিমধ্যে কয়েক শ গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে নির্মাণকাজে অংশ নিয়েছেন। স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করেও কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, পুরো কাজ শেষ করতে প্রায় ছয় লাখ টাকার প্রয়োজন।

এলাকাবাসী ফারুক হোসেন ও আহাদ আলী জানান, দীর্ঘদিন ধরে ধরলা নদীর ভাঙনে তাদের বসতভিটা ও ফসলিজমি বিলীন হচ্ছে। ইতিমধ্যে অনেক পরিবার ঘরবাড়ি হারিয়েছে। এখনো কয়েকশ বাড়িঘর ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে চর পশ্চিম থানিরাম এলাকার মানুষের মধ্যে ভাঙন আতঙ্ক সবচেয়ে বেশি।

বড়ভিটা ইউনিয়ন পরিষদের সদস্য ইলিয়াস হোসেন বলেন, ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি আমরা। মানববন্ধনও করা হয়েছে। কিন্তু কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত নিজেদের উদ্যোগেই বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিতে হয়েছে।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ বলেন, নদীভাঙন থেকে নিজেদের বসতভিটা রক্ষায় গ্রামবাসীর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। বাঁধটি নির্মিত হলে এলাকার মানুষ অনেক উপকৃত হবে। নিজেদের এই মহৎ উদ্যোগে এলাকাবাসীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট