logo

কুড়িগ্রামে বেগুনের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক

কুড়িগ্রামে বেগুনের বাম্পার ফলন, দাম না পেয়ে হতাশ কৃষক
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেগুন ক্ষেতে কীটনাশক স্প্রে ও পরিচর্যায় ব্যস্ত এক কৃষক। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এবার বেগুনের বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ চরাঞ্চলের মাঠজুড়ে এখন বেগুনের সমারোহ; গাছে গাছে ঝুলছে থোকায় থোকায় বেগুন। উৎপাদন ভালো হওয়ায় শুরুতে লাভের স্বপ্ন দেখেছিলেন কৃষকেরা। তবে বাজারে কাঙ্ক্ষিত দাম না থাকায় সেই স্বপ্ন এখন হতাশায় রূপ নিয়েছে। বর্তমানে প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে মাত্র ৭০০ থেকে ৮০০ টাকায়। এতে উৎপাদন খরচ তুলতেই হিমশিম খাচ্ছেন চাষিরা।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক বিঘা জমিতে বেগুন চাষ করতে বীজ, সার, কীটনাশক, শ্রমিকের মজুরি ও পরিচর্যাসহ খরচ হয় প্রায় ৪৫ থেকে ৫০ হাজার টাকা। ফলন ভালো হওয়ায় একই জমির বেগুন বিক্রি করে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের আশা করেছিলেন তারা। কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় এখন লোকসানের আশঙ্কা করছেন চাষিরা।

ভূরুঙ্গামারী উপজেলার চরাঞ্চলের বিভিন্ন এলাকায় সরেজমিনে দেখা যায়, বিস্তীর্ণ জমিতে বেগুনের আবাদ করেছেন কৃষকেরা। অনেকের ক্ষেতেই একসঙ্গে প্রচুর বেগুন ধরেছে। তবে ক্ষেত থেকে বেগুন তুলে বাজারে নিয়ে গেলেও ন্যায্য দাম পাচ্ছেন না তারা। উৎপাদিত বেগুনের একটি বড় অংশ ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে।

কৃষকেরা বলছেন, জমি প্রস্তুত, চারা রোপণ, সার-কীটনাশক প্রয়োগ, সেচ ও শ্রমিকের মজুরিসহ সব ক্ষেত্রেই বাড়তি টাকা ব্যয় করতে হয়েছে। উৎপাদন খরচ বাড়লেও সেই তুলনায় বাজারে বেগুনের দাম পাওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে আগামী মৌসুমে বেগুন চাষে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক।

উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বেগুনচাষি শাহা আলম বলেন, এবার জমিতে বেগুনের ফলন খুব ভালো হয়েছে। ভেবেছিলাম, ভালো দাম পেলে খরচ বাদ দিয়ে বেশ কিছু টাকা লাভ হবে। কিন্তু এখন প্রতি মণ বেগুন ৭০০ থেকে ৮০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ক্ষেত থেকে বেগুন তোলা, পরিবহন ও শ্রমিকের মজুরি দিতেই অনেক টাকা চলে যাচ্ছে। এ দামে আমাদের লাভ তো দূরের কথা, মূলধন ওঠানোই কঠিন হয়ে পড়েছে।

একই এলাকার আরেক কৃষক নুর আলম বলেন, সারা বছর জমিতে পরিশ্রম করেছি। ফলন ভালো হয়েছে, কিন্তু দাম না থাকায় কোনো লাভ হচ্ছে না। বেগুন বেশি দিন জমিতে রেখে দেওয়ারও সুযোগ নেই। সময়মতো বিক্রি করতে না পারলে নষ্ট হয়ে যাবে। তাই বাধ্য হয়ে কম দামেই বিক্রি করতে হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে কুড়িগ্রাম জেলায় ৯০০ হেক্টর জমিতে বেগুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৫০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক তানভীর হাসান বলেন, বেগুনসহ সবজি উৎপাদন বাড়াতে কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। রোগবালাই দমন, সুষম সার প্রয়োগ ও আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে মাঠপর্যায়ে কৃষি কর্মকর্তারা কাজ করছেন।

আসিফ আল আজাদ

সম্পাদনা

আসিফ আল আজাদ

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট