এজলাস সংকটে ব্যাহত বিচারকাজ, ভোগান্তিতে বিচারপ্রার্থীরা

বিচারক ও আদালতের সংখ্যা বাড়লেও খুলনায় বাড়েনি প্রয়োজনীয় অবকাঠামো। ফলে একই এজলাস ভাগাভাগি করে চলছে একাধিক আদালতের বিচারকাজ। কোথাও ক্যানটিন, স্টোররুম ও পাবলিক টয়লেটের জায়গায় বসানো হয়েছে আদালত।
১৮৯১ সালে নির্মিত পুরোনো ভবনের ছাদ চুইয়ে পড়ে বৃষ্টির পানি। কর্মকর্তা-কর্মচারীদের বসার জায়গার সংকটও প্রকট। মহানগর দায়রা জজ ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের নিজস্ব কোনো ভবন নেই। বছরের পর বছর প্রায় ৩০ দফা চাহিদা জানিয়ে অর্থ বরাদ্দ চাওয়া হলেও এই সংকট নিরসনে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। বিচার বিভাগের গুরুত্বপূর্ণ অবকাঠামোর এমন দশায় দুর্ভোগ পোহাচ্ছেন বিচারপ্রার্থী ও সংশ্লিষ্টরা।
সবচেয়ে নাজুক অবস্থা নারী ও শিশু নির্যাতনসংক্রান্ত আদালতগুলোতে। জেলা জজ আদালতের চারতলা ভবনের নকলখানার (নকল সরবরাহ শাখা) জায়গায় বসানো হয়েছে একটি সিভিল জজ আদালত। নিচতলার ক্যানটিন ও পাবলিক টয়লেটের জায়গায় চলছে দুটি সিভিল জজ আদালত। স্টোর ও টয়লেটের জায়গায় স্থাপন করা হয়েছে দুটি শিশু আদালত।
নেজারত বিভাগের একটিমাত্র কক্ষে ৪১ জন জারীকারক, একজন ক্যাশিয়ার, একজন ডেসপাস সহকারী ও জেলা জজের নাজিরকে গাদাগাদি করে কাজ করতে হয়। প্রশাসনিক কর্মকর্তা ও অফিস সহকারীদের জন্যও নেই কোনো পৃথক কক্ষ। জিপি (সরকারি কৌঁসুলি) ও পিপি (পাবলিক প্রসিকিউটর)-দের ছোট কক্ষ এবং সেরেস্তাতেও চলছে ভাগাভাগি করে কাজ।
১৮৯১ সালে নির্মিত একতলা এই ভবনে রয়েছে ১৫টি এজলাস, দপ্তর ও রেকর্ড রুম। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়লেও বাধ্য হয়ে সেখানেই চলছে বিচারিক কার্যক্রম। এদিকে মামলা নিষ্পত্তির সংখ্যা বাড়ায় রেকর্ড রুমের সম্প্রসারণ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
অন্যদিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে ১৩টি আদালতসহ বিভিন্ন কার্যক্রম চলছে। ক্যানটিন, স্টোররুম ও বারান্দার বাথরুমের অংশ ব্যবহার করেও বসানো হয়েছে আদালত। অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় ও তৃতীয় আদালতকেও একই এজলাস ভাগাভাগি করে কার্যক্রম চালাতে হচ্ছে।
খুলনা জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট তৌহিদুর রহমান চৌধুরী তুষার বলেন, পুরোনো একতলা ভবনটি দেড় থেকে ২০০ বছরের পুরোনো। এটি সম্প্রসারণের পরিবর্তে সেখানে নতুন ১০ তলা ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।
সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানান, বিচারকদের এজলাস ভাগাভাগি করে বসতে হচ্ছে। বর্ষায় কোনো কোনো এজলাসে পানি পড়ে। ৫-৬ জন বিচারককে মাত্র দুটি আদালতের এজলাস ভাগাভাগি করে বিচারকাজ চালাতে হচ্ছে।
এই সংকট নিরসনে চারতলা ভবনটি সম্প্রসারণ করে ১০টি এজলাস নির্মাণের প্রস্তাব রয়েছে। এছাড়া পুরোনো একতলা ভবনটি দোতলা করা হলে সেখানে ১৬টি এজলাস ও সম্প্রসারিত রেকর্ড রুম করা সম্ভব। এ বিষয়ে ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি চিঠি পাঠানো হয়। পাশাপাশি মহানগর দায়রা জজ ও সিএমএম আদালতের নতুন ভবন নির্মাণের প্রস্তাব দিয়ে একই বছরের ৪ ফেব্রুয়ারি আরেকটি চিঠি পাঠানো হয়। সিএমএম ভবনে ১৫টি এজলাস নির্মাণ এবং ভবনটি আরও দুই তলা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
আইনজীবীদের স্থানসংকট ও বিচারকদের আবাসন সমস্যার সমাধানে পুরোনো জেলখানার জমিতে নতুন আদালত ভবন, বিচারকদের আবাসিক ভবন এবং আইনজীবী সমিতির দ্বিতীয় ভবন নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। জমি অধিগ্রহণের জন্য ২০২৫ সালের ২৩ এপ্রিল চিঠি পাঠানো হয়। এ ছাড়া পরিত্যক্ত রেকর্ড রুম ভেঙে নতুন ভবন ও চারটি অস্থায়ী টিনশেড এজলাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
গ্যারেজ, র্যাম্প, সীমানাপ্রাচীর, বিচারকদের আবাসন, ভবন ও পুলিশ ব্যারাক সংস্কার এবং অনলাইনে সাক্ষ্য গ্রহণের সরঞ্জামেরও প্রয়োজন রয়েছে। দুটি চৌকি আদালতের ভবন মেরামত ও সম্প্রসারণ জরুরি। এছাড়া জরাজীর্ণ তিনটি লিফট প্রায়ই বিকল হওয়ায় তা অপসারণের জন্য ২০২৬ সালের ২৪ মে চিঠি পাঠানো হয়েছে।
জেলা জজ আদালতের নাজির মোহাম্মদ জাকরিয়া শেখ বলেন, সংকটের কথা জানিয়ে ইতিমধ্যে আইন মন্ত্রণালয় ও হাইকোর্টে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে কাজ চলছে।
সরকারি কৌঁসুলি মো. জাকির হোসেন জানান, বিচারকদের এজলাস ভাগাভাগি এবং কর্মকর্তা-কর্মচারীদের গাদাগাদি করে অত্যন্ত দুরবস্থার মধ্যে কাজ চালাতে হচ্ছে।


