logo
Advertisement

গাছের ডাল ছাঁটাইয়ের সময় ৩০ ফুট ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,ভোলা
গাছের ডাল ছাঁটাইয়ের সময় ৩০ ফুট ওপর থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ওয়ালী উল্ল্যাহ। ছবি : পারিবারিক সূত্রে পাওয়া

ভোলায় ডাল ছাঁটাইয়ের সময় রেইনট্রি গাছের প্রায় ৩০ ফুট ওপর থেকে নিচে পড়ে ওয়ালী উল্ল্যাহ (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চর আনন্দ পার্ট-৩ গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওয়ালী উল্ল্যাহ ওই গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি পরিবারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, পরিবার চালানোর তাগিদে ওয়ালী উল্ল্যাহ রোববার সকালে স্থানীয় হোসেন ব্যাপারীর বাড়িতে দিনমজুর হিসেবে গাছ কাটার কাজ নেন। সকাল সাড়ে ১১টার দিকে একটি বড় রেইনট্রি গাছের প্রায় ৩০ ফুট ওপরে উঠে ডাল ছাঁটাই করার সময় তিনি অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।

স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডালিম ও মাথায় গুরুতর আঘাতজনিত মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তরের পরামর্শ দেন। পরে বরিশালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

পরিবারের একমাত্র চালকের অকালমৃত্যুতে নিহতের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বড় ছেলে সুমন কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাবার উপার্জনেই আমাদের সংসার চলত। এখন বাবা মারা যাওয়ায় আমরা নিঃস্ব হয়ে গেলাম।

ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বশীর আহমেদ জানান, গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।