সব সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপন করা হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

দেশের সব সরকারি ভবনে পর্যায়ক্রমে সোলার প্যানেল স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শুক্রবার (১৪ আগস্ট) মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কের হরিজন পল্লিতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য নির্মাণাধীন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়সহ বিভিন্ন সরকারি ভবনে সোলার প্যানেল স্থাপন করা হবে। পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদসহ স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনেও চালু করা হবে সৌরবিদ্যুতের ব্যবস্থা।
মীর শাহে আলম বলেন, শুধু অফিস আদেশ জারি করেই দায়িত্ব শেষ করা হবে না। সোলার প্যানেল স্থাপনের ছয় মাস পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ বিল পর্যালোচনা করা হবে। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবহারের সিদ্ধান্ত কতটা কার্যকর হয়েছে, তা যাচাই করা হবে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থা করলে সরকারি প্রতিষ্ঠানের বিদ্যুৎ ব্যয় কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে।
এর আগে শহরের কলেজ রোডের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রতিমন্ত্রী। সেখানে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ ধরনের নির্বাচন (সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এসব নির্বাচন আয়োজন করতে প্রায় সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। জাতীয় বাজেটে এই অর্থের সংস্থান রাখা হয়েছে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এরইমধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করে কোন নির্বাচন আগে এবং কোনটি পরে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচ ধরনের নির্বাচন শেষ করার পরিকল্পনা রয়েছে।
শ্রীমঙ্গলের ময়লার ভাগাড়ের সমস্যা সমাধানে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়ে মীর শাহে আলম বলেন, বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরেও রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাকে শ্রীমঙ্গলে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে ময়লা ফেলার জন্য একটি জায়গা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেখানে বসতবাড়ি গড়ে ওঠায় স্থানীয়দের আপত্তি রয়েছে। তাই শহর থেকে কিছুটা দূরে পরিবেশের ক্ষতি হবে না, এমন সরকারি জায়গা খুঁজে সেখানে বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে বর্জ্য থেকে জৈব সার ও নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা খতিয়ে দেখা হবে।
পরিদর্শন ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান, মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শরফরাজ আহমেদ শরফু, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, পৌরসভার প্রকৌশলী জহিরুল ইসলাম ও শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।



