logo

কিছু একটা টানাটানি করছিল শিয়াল, সামনে গিয়ে কৃষক দেখলেন মরদেহ

কিছু একটা টানাটানি করছিল শিয়াল, সামনে গিয়ে কৃষক দেখলেন মরদেহ
ঘটনাস্থল ঘিরে গ্রাম পুলিশ ও স্থানীয়দের ভিড়। বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পিয়ারপুর ইউনিয়নে। ছবি: এশিয়া পোস্ট

শিয়ালের দল কিছু একটা টানাটানি করছিল। মাঠে কাজে যাওয়ার পথে তা দেখেন এক কৃষক। তিনি সামনে গিয়ে দেখলেন খড়ের নিচে পড়ে আছে এক যুবকের মরদেহ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৬টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নির্জন মাঠের রাস্তা থেকে অজ্ঞাতপরিচয় মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

মরদেহটির বিভিন্ন অংশ শিয়ালে খুবলে খাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মরদেহটি দুই থেকে তিন দিনের পুরোনো।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল মাঠ এলাকায় স্থানীয় কৃষক সানাউল্লাহ কাজ করতে যাচ্ছিলেন। নির্জন সড়ক দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পান, কয়েকটি শিয়াল একটি বস্তু ঘিরে টানাটানি করছে। কাছে এগিয়ে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, খড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এক ব্যক্তির মরদেহ। মরদেহটির শরীরের একাংশ শিয়ালে খুবলে খেয়েছে।

বিষয়টি দেখে তিনি চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন। পরে খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন ভিড় করেন।

খবর পেয়ে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে ঘটনাস্থলে তলব করা হয়েছে।

পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।

এ বিষয়ে ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।