logo

ইঞ্জিন বিকল, সোয়া ৩ ঘণ্টা পর কিশোরগঞ্জ ছাড়ল ঢাকাগামী ট্রেন

ইঞ্জিন বিকল, সোয়া ৩ ঘণ্টা পর কিশোরগঞ্জ ছাড়ল ঢাকাগামী ট্রেন
ইঞ্জিন বিকল হওয়ায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকা অভিমুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি। ছবি : এশিয়া পোস্ট

ইঞ্জিন বিকল হয়ে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে সোয়া তিন ঘণ্টা আটকে থাকার পর ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে কিশোরগঞ্জ এক্সপ্রেস।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।

এর আগে, বিকেল ৪টায় ট্রেনটির ঢাকার উদ্দেশে যাত্রা শুরুর কথা ছিল। কিন্তু ইঞ্জিন বিকল হয়ে পড়ায় নির্ধারিত সময়ে যাত্রা সম্ভব হয়নি। এতে স্টেশনে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার খলিলুর রহমান।

তিনি জানান, ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ট্রেনটি প্ল্যাটফর্মে সোয়া তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। পরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বিকল্প একটি ইঞ্জিন এনে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা করায়।