logo

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই, থানায় আত্মসমর্পণ শুকুরের

মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাই, থানায় আত্মসমর্পণ শুকুরের
থানায় আত্মসমর্পণ করা শুকুর আলী। ছবি : এশিয়া পোস্ট

মাদকের ভয়াবহতা উপলব্ধি করে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন নীলফামারীর সৈয়দপুরের শুকুর আলী। দীর্ঘদিন মাদক সেবনের পর নিজের ভুল বুঝতে পেরে স্বেচ্ছায় থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের সাজা দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় শুকুর আলী নিজেই সৈয়দপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

শুকুর আলী সৈয়দপুর শহরের নিচু কলোনি রাইসমিল পাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার নবাব আলীর ছেলে। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন মাদকাসক্ত থাকার কারণে তার পারিবারিক ও সামাজিক জীবনে নানা সংকট তৈরি হয়। একপর্যায়ে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

শুকুর আলীর বাবা ক্ষুদ্র ব্যবসায়ী নবাব আলী জানান, ছেলের মাদকের পেছনে অর্থ জোগাতে গিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ছেলের মাদকাসক্তির কারণে পরিবারেও নানা সংকট তৈরি হয়। তার দুই নাবালক সন্তানও বাবার কারণে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়ে। স্বামীকে মাদকের পথ থেকে ফেরাতে না পেরে শুকুর আলীর স্ত্রীও বাবার বাড়িতে চলে যান বলে জানান তিনি।

শুকুর আলী বলেন, মাদক সেবনের কারণে অঅমার পরিবারে অশান্তি তৈরি হয়েছিল। পাশাপাশি সমাজেও নানা ধরনের অপমান ও লাঞ্ছনার শিকার হতে হয়েছে। এসব বিষয় উপলব্ধি করেই আমি মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। সাজা ভোগের পর আর কখনো মাদকের পথে না যাওয়ার অঙ্গীকার করেছি।

সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, কেউ নিজের ভুল বুঝতে পেরে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা করা হবে। শুকুর আলী গত কয়েক বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবন করতেন বলে জানা গেছে।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও বলেন, মাদক সেবনের পেছনে তার প্রতিদিন প্রায় এক হাজার টাকা ব্যয় হতো। ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ বিভিন্ন মাদক গ্রহণের কথাও জানা গেছে। আমরা তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের সাজা দিয়েছি।