logo
Advertisement

সুনামগঞ্জে ১৬ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ আটক ২

এশিয়া পোস্ট নিউজ,সুনামগঞ্জ
সুনামগঞ্জে ১৬ লাখ টাকার ভারতীয় ফুচকাসহ আটক ২
কাভার্ডভ্যানভর্তি ভারতীয় ফুচকা জব্দ ও দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে ভারত থেকে আনা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দসহ দুইজনকে আটক করা হয়েছে।

Advertisement

শুক্রবার (২৮ আগস্ট) সকালে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে জেলা ডিবি পুলিশের একটি দল। উদ্ধারকৃত ফুচকার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লাখ টাকা।

আটক ব্যক্তিরা হলেন ফরিদপুর সদর উপজেলার বেতুয়া বাড়ী সড়কের পশ্চিম গোয়ালচামাট এলাকার শেখ মো. ফারুকের ছেলে আরিফ শেখ (৩৪) এবং একই উপজেলার পশ্চিম খাবাসপুর এলাকার আব্দুল করিম ফকিরের ছেলে জিহাদ ফকির (৩৪)।

জেলা ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ বাজার এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের সদস্যরা। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ১১০টি প্লাস্টিকের বস্তায় থাকা ৩ হাজার ৮৫০ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩৫ কেজি করে ফুচকা রাখা ছিল।

ডিবি পুলিশ আরও জানায়, চোরাচালানের কাজে ব্যবহৃত ‘ঢাকা মেট্রো-ট-১৬-৯৭৭৮’ নম্বরের কাভার্ডভ্যানটিও জব্দ করা হয়েছে। ফুচকা ও কাভার্ডভ্যানসহ জব্দ করা আলামতের সর্বমোট মূল্য প্রায় ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।