ফুটবল খেলা চলাকালে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় খেলা চলাকালে অসুস্থ হয়ে জিসান (১৪) নামের অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
নিহত জিসান হোমনা উপজেলার অনন্তপুর দড়িকান্দি গ্রামের জালাল উদ্দিনের ছেলে এবং হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিযোগিতার অংশ হিসেবে সোমবার দুপুরে হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে মাথাভাঙ্গা ইউনিয়ন ও হোমনা পৌরসভার মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় জিসান হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়ে। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবীন জানান, হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়।
