মিয়ানমারে সার পাচারের চেষ্টা, বিএনপি-ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ের উপকূলীয় এলাকা দিয়ে মিয়ানমারে সার পাচারের চেষ্টার অভিযোগে বিএনপি ও ছাত্রদলের সাবেক দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ অক্টোবর ৩০১ বস্তা সার জব্দের ঘটনার তদন্তে পাওয়া তথ্য ও মোবাইল ফোনের কল তালিকার সূত্র ধরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওচমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসিন সম্রাট (৫৭), তার ছেলে আজাহার উদ্দিন মাহিন (২২) এবং ওচমানপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফারাবি হোসেন (২৬)। মহসিন সম্রাট ওই এলাকার মৃত ফজলুল হকের ছেলে। ফারাবি ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে মিয়ানমারে সার পাচার করে আসছিল একটি চক্র। গত ৩১ অক্টোবর মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুত করা ৩০১ বস্তা সার জব্দ করে পুলিশ। এ সময় সার পাচারের সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য এবং জব্দ করা মোবাইল ফোনের কল তালিকা বিশ্লেষণ করে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য, আটক ব্যক্তিদের দেওয়া তথ্য ও মোবাইল ফোনে পাওয়া প্রমাণের ভিত্তিতে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শওকত আকবর সোহাগের কার্যালয়েও অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, ৩১ অক্টোবর সার জব্দের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চালাচ্ছে পুলিশ। নোয়াখালীর সুবর্ণচর এলাকার মাহে আলম মেম্বার ও তার ভাই নুর উদ্দিন আটক ব্যক্তিদের সার চালানের বিষয়টি জানান এবং স্থানীয়ভাবে সহযোগিতা চান। পরে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল এলাকায় শওকত আকবর সোহাগ ট্রাকভর্তি সার মুহুরী প্রকল্পের বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারে পাচারের প্রলোভন দেখান বলে আটক ব্যক্তিদের তথ্য থেকে জানা গেছে।
পুলিশের দাবি, ওই প্রলোভনে ফারাবিসহ অন্যরা সারের বস্তাগুলো মিয়ানমারে পাচারের চেষ্টা করেন। তবে পুলিশের তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়। রোববার ভোরে অভিযান চালিয়ে মহসিন সম্রাট, তার ছেলে আজাহার উদ্দিন মাহিন ও ফারাবি হোসেনকে গ্রেপ্তার করা হয়।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, সার পাচারের তদন্তের স্বার্থে অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত যুবদল নেতা শওকত আকবর সোহাগের কার্যালয় থেকে বাদশাহ নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে তদন্তে তার সম্পৃক্ততা পাওয়া যায়নি। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

