logo

ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

ফেসবুকে সরকারবিরোধী পোস্টের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
ডা. রাশিদুল হাসান। ছবি: ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে ডা. রাশিদুল হাসান রাজন নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement

এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে পাবনার সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে অবস্থিত ব্যক্তিগত চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ডা. রাশিদুল হাসান রাজন সাঁথিয়া উপজেলার শরিষা গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ এবং আওয়ামীপন্থি চিকিৎসক হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাশিদুল হাসান রাজন দীর্ঘদিন ধরে নিজের ফেসবুক আইডি থেকে সরকার ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে সমালোচনামূলক পোস্ট দিয়ে আসছিলেন। তার কয়েকটি পোস্টে স্পিকার ড. হাফিজ উদ্দিন ও পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনকে উদ্দেশ করে বিতর্কিত কথা লেখেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়েও বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সাঁথিয়া পৌর সদরের ইতালি মার্কেটে তার চেম্বারে অভিযান চালায় থানা-পুলিশের একটি দল। এ সময় রোগী দেখারত অবস্থায় তাকে আটক করে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান রাজনকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট