হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর তুহিন মিয়া নামে সিএনজিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তুহিন মিয়া বাহুবল উপজেলার ইউসুফপুর গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তুহিন মিয়া। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন তার পরিবারের পক্ষ থেকে বাহুবল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
বুধবার সকালে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গাজীর মোকাম এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। তুহিনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হোসেন জানান, দুই দিন আগে অটোরিকশাসহ নিখোঁজ হয়েছিলেন তুহিন। বুধবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।


