টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের

চট্টগ্রামের আনোয়ারায় সড়কে টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি ও অবরোধের চেষ্টা করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী সড়কে জড়ো হন। একপর্যায়ে তারা সড়কের ওপর কয়েকটি টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিভিন্ন স্লোগানও দেন তারা। এতে সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হয়।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজনকে মাথায় হেলমেট ও মুখে মাস্ক পরে সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিতে দেখা যায়। তাদের অবরোধের কারণে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ যাওয়ার আগেই বিক্ষোভকারীরা সেখান থেকে সরে যান। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সংশ্লিষ্ট ব্যক্তিরা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই-বাছাই করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

