logo

মোহনগঞ্জে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা

মোহনগঞ্জে ট্রেনে আগুন দিল দুর্বৃত্তরা
স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন। ছবি: ভিডিও থেকে নেওয়া

নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বগিটির চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। ফাঁকা ট্রেনে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে রেলওয়ে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে স্টেশনের পশ্চিম পাশে থাকা ট্রেনটির ‘ড’ বগিতে এ ঘটনা ঘটে। প্রথমে ট্রেনের গার্ড ও কর্মীরা অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তবে অগ্নিকাণ্ডের কারণে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। নির্ধারিত সময় সকাল ৮টায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে মোহনগঞ্জ স্টেশন ছেড়ে যায় হাওর এক্সপ্রেস। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন মাস্টার জহিরুল ইসলাম।

তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ভোর ৫টা ১০ মিনিটে মোহনগঞ্জ স্টেশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর ট্রেনের গার্ড ও কর্মীরাও খাবার খেতে বাইরে যান। ওই সময় বগিতে কোনো যাত্রী বা কর্মী ছিলেন না। ধারণা করা হচ্ছে, এই সুযোগে দুর্বৃত্তরা বগিটিতে আগুন দেয়।

ট্রেনের বগি থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে গার্ড ও কর্মীরা দ্রুত ফিরে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্টেশন মাস্টার আরও জানান, প্ল্যাটফর্মের বাইরে থাকা ‘ড’ বগিটির ৫-৬ ও ১১-১২ নম্বর আসনের রেক্সিনের কভার আগুনে পুড়ে গেছে। বগিটি স্টেশনের পশ্চিম পাশে থাকায় ওই স্থানে কোনো সিসি ক্যামেরা নেই। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোবারক হোসেন বলেন, স্টেশনে দাঁড়িয়ে থাকা ফাঁকা ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে চারটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে ট্রেনের কর্মী, রেলওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরও জানান, আগুনের ঘটনাস্থল সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।