logo

‘আগস্টে চালু হতে পারে বরিশাল শিশু হাসপাতাল’

‘আগস্টে চালু হতে পারে বরিশাল শিশু হাসপাতাল’
বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল বিভাগীয় শিশু হাসপাতাল চলতি বছরের আগস্টে চালু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. জিয়াউদ্দিন হায়দার।

সোমবার (১ জুন) দুপুরে বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত শিশু হাসপাতালটি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

জিয়াউদ্দিন হায়দার বলেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, সহকারী পরিচালক, সিভিল সার্জনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালটি চালুর জন্য একটি খসড়া পরিকল্পনা তৈরি করেছেন। হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করতে কী কী বিভাগ থাকবে। কী ধরনের চিকিৎসাসেবা দেওয়া হবে। কতজন জনবল প্রয়োজন হবে। নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা; প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সরঞ্জামের বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে আগামী আগস্ট মাসের শুরুতে হাসপাতালটি চালু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পর্যায়ক্রমে হাসপাতালের পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করা হবে।

জিয়াউদ্দিন হায়দার বলেন, বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল রয়েছে। এগুলো অনেক আগেই চালু হওয়ার কথা ছিল। বিগত সরকার অবকাঠামো নির্মাণে যতটা যত্নবান ছিল, কিন্তু এসব হাসপাতাল ব্যবহার করে কীভাবে মানুষকে চিকিৎসাসেবা দেওয়া যায়, সে বিষয়ে যথেষ্ট গাফিলতি ছিল। আমরা অতীতের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।

তিনি বলেন, বিভাগীয় শহরগুলোর ছয়টি হাসপাতাল চালু করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সে লক্ষ্যে ইতোমধ্যে কাজ চলছে।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।