logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

বিয়েতে যাওয়া হলো না, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

বিয়েতে যাওয়া হলো না, কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের
দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এশিয়া পোস্ট

কুমিল্লার চৌদ্দগ্রামে খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার কালিকসার রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Advertisement

নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর এলাকার শফিক মিয়ার ছেলে অটোরিকশাচালক আব্দুল মতিন (৩৫) এবং উপজেলার হিংগুলা এলাকার আরিফুল ইসলামের ছেলে আরিফ (৪০)।

আহত ব্যক্তিরা হলেন চিওড়া ইউনিয়নের নোয়াপুর এলাকার হানিফ ও ইয়াকুব এবং জগন্নাথদীঘি ইউনিয়নের সুফিয়া বেগম। তাদের মধ্যে ইয়াকুবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত আরিফের স্বজন ইলিয়াস জানান, চিওড়া ইউনিয়নের নোয়াপুর গ্রামের এক ব্যক্তির বিয়ের অনুষ্ঠান ছিল উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায়। বিয়েতে যাওয়ার জন্য তারা কয়েকজন প্রথমে একটি মাইক্রোবাসে ওঠেন। তবে জায়গা না হওয়ায় কয়েকজন মহাসড়কের আমজাদের বাজার রাস্তার মাথা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় রওনা হন।

ইলিয়াসের ভাষ্য, অটোরিকশাটি কালিকসার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে সামনে একটি লরি দাঁড়িয়ে থাকায় চালক গতি কমিয়ে দেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে লরির নিচে চলে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ পাঁচজন হতাহত হন।

পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালক আব্দুল মতিন ও যাত্রী আরিফকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর (ইনাম) জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান। গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিরঞ্জন কুমার বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।