নারীকে চট্টগ্রামে নিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

বরগুনার পাথরঘাটায় চাকরি দেওয়ার প্রলোভনে এক নারীকে চট্টগ্রামে নিয়ে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণের দায়ে মো. মাহবুব কারিকর (৪০) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ওসমান গনি এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৩ জুন চট্টগ্রামের একটি বিদেশি কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারী ও তার স্বামীকে চট্টগ্রামে নিয়ে যান মাহবুব। পরদিন অলংকার স্টেশনে পৌঁছানোর পর কৌশলে ওই নারীর স্বামীকে সেখানে রেখে তাকে নিয়ে চলে যান তিনি। পরে চট্টগ্রামের একটি বাসায় ওই নারীকে দীর্ঘদিন আটকে রেখে ধর্ষণ করেন মাহবুব বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে সেখান থেকে পালিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন ভুক্তভোগী নারী।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ২০১৪ সালের ২৩ জুন মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।
মামলার সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত মাহবুব কারিকর পাথরঘাটার বাইনচটকী এলাকার কাদের কারিকরের ছেলে।
রায়ের পর নিজেকে নির্দোষ দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন মাহবুব। রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর রনজুয়ারা সিপু বলেন, সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই আদালত এ রায় দিয়েছেন।
