বরগুনায় স্কুলছাত্রীকে ধর্ষণ, ১৩ বছর পর তিন আসামির যাবজ্জীবন

বরগুনায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার ১৩ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গোড়াপদ্দা এলাকার নুরু মাঝির ছেলে নান্না, শিয়ালীয়া এলাকার ইউসুফ চৌকিদারের ছেলে মো. জাফর এবং ছোট তালতলী এলাকার রুস্তমের ছেলে কবির।
মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী ওই কিশোরী শিয়ালীয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। স্কুলে যাতায়াতের পথে আসামিরা তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। এরই ধারাবাহিকতায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়ির একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় বরগুনা থানায় মামলা করেন ভুক্তভোগী।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলা দায়েরের পর দীর্ঘ ১৩ বছর অতিবাহিত হয়েছে। এ সময়ে আসামিরা দীর্ঘদিন হাজতবাস করেছেন। তাদের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা না থাকা এবং বর্তমান বয়স বিবেচনায় মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত আরও নির্দেশ দিয়েছেন, আদায় করা জরিমানার অর্থ ভুক্তভোগীকে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। আসামিরা জরিমানা পরিশোধ না করলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি ক্রোক ও নিলামে বিক্রি করে অর্থ আদায়ের জন্য বরগুনার জেলা কালেক্টরকে নির্দেশ দেওয়া হয়েছে।



-1d81e8-720x405.webp)
