ভৈরবে আগুনে পুড়ল ১৫ বসতঘর

কিশোরগঞ্জের ভৈরবে আগুনে অন্তত ১৫টি বসতঘর পুড়ে গেছে। আগুনে ঘরগুলোর আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার চণ্ডিবের এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চণ্ডিবের এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে শর্টসার্কিটের পর আগুনের সূত্রপাত হয়। পরে পাশের একটি বসতঘরের রেফ্রিজারেটরে আগুন ধরে যায়। সেখান থেকে আগুন দ্রুত আশপাশের ছোট ছোট বসতঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয় লোকজন জানান, আগুনে কালাম মিয়া, মতি মিয়া, আহমেদ মিয়া, মহব্বত মিয়া, ফজলু ও আয়েত আলীর বসতঘরসহ অন্তত ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ও আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ভৈরব বাজার নদী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আবু মূসা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
তিনি আরও বলেন, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নিরূপণ করা হয়নি।
