রাস্তায় ইভটিজিংয়ের প্রতিবাদ, বাসায় ঢুকে তরুণীর মাথায় ইটের আঘাত

যশোর শহরের খড়কী কবরস্থান এলাকায় ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মিথিলা (২৪) নামে এক তরুণীর বাসায় ঢুকে ইট দিয়ে হামলার অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে খড়কী কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিথিলা ওই এলাকার মো. গোলামের মেয়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খড়কী কবরস্থান এলাকার একটি চায়ের দোকানের পাশে কয়েকজন কিশোর নিয়মিত আড্ডা দেয়। তারা ওই সড়ক দিয়ে চলাচলকারী নারীদের প্রায়ই উত্ত্যক্ত করে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ থাকলেও নানা কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, শুক্রবারও ওই কিশোরদের কয়েকজন সড়ক দিয়ে চলাচলকারী নারীদের উত্ত্যক্ত করছিল। বিষয়টি দেখে মিথিলা প্রতিবাদ করেন। এ নিয়ে কিশোরদের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সদস্যরা মিথিলার বাসায় ঢুকে পড়েন বলে অভিযোগ করা হয়। পরে তারা ইট দিয়ে মিথিলার মাথায় উপর্যুপরি আঘাত করেন বলে স্বজনদের অভিযোগ। এতে তার মাথায় গুরুতর জখম হয়। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রাহুল দে বলেন, মিথিলার মাথায় বেশ খানিকটা ক্ষত হয়েছে। তার এক্স-রে করা হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর আঘাতের গভীরতা সম্পর্কে বিস্তারিত বলা যাবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, নারীদের প্রকাশ্যে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় প্রতিবাদকারীর বাসায় ঢুকে হামলার অভিযোগের ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তাঁরা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আইনগত ব্যবস্থা নিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


