Advertisement

ধর্মীয় স্বাধীনতা ও সমান মর্যাদায় বিশ্বাস করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
ধর্মীয় স্বাধীনতা ও সমান মর্যাদায় বিশ্বাস করে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি : এশিয়া পোস্ট

যুক্তরাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা এবং সব ধর্মের মানুষের সমান মর্যাদায় বিশ্বাস করে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বাংলাদেশেও পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদী ক্যাথলিক চার্চের হলরুমে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে ইউএসএ রাষ্ট্রদূত এসব কথা বলেন।

মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সংলাপে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতার নানা দিক উঠে আসে।

রাষ্ট্রদূত বলেন, ধর্মীয় স্বাধীনতা ও সব ধর্মের মানুষের সমান মর্যাদা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যবোধ। তিনি ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন।

গৌরনদীর এই সংলাপে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু অর্থনৈতিক কর্মকাণ্ডই যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক স্থিতিশীলতা। বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান সেই স্থিতিশীলতার অন্যতম ভিত্তি।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঘনিষ্ঠ বন্ধু। বাংলাদেশের অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ এবং দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এর আগে, আন্তঃধর্মীয় সংলাপকে কেন্দ্র করে গৌরনদী ক্যাথলিক চার্চে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় হয়। বক্তারা বিভিন্ন ধর্মের মানুষের দীর্ঘদিনের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির কথা তুলে ধরেন।

চার্চের ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে সংলাপটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।

এতে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্যসচিব বশির আহম্মেদ পান্না, ধর্মীয় নেতা মাওলানা আসাদুজ্জামান, যতীন্দ্রনাথ মিস্ত্রী ও ফাদার মাইকেল দেউরি।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এবং মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইউএসএ রাষ্ট্রদূতের দুই দিনের বরিশাল সফরের শেষ দিনে বিভিন্ন দর্শনীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শনের কর্মসূচি ছিল। এর অংশ হিসেবে তিনি বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পরিদর্শন করেন এবং গৌরনদী ক্যাথলিক চার্চে আন্তঃধর্মীয় সংলাপে অংশ নেন।

সংলাপ শেষে দুপুরে গৌরনদী উপজেলার সরিকল এলাকায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন ইউএসএ রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

বিষয় :