গাজীপুরে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ‘রাজধানী পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল তিনটার দিকে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা রাজধানী পরিবহনের বাসটির পেছনের অংশে হঠাৎ আগুন দেখতে পান পথচারী ও স্থানীয়রা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক তৈরি হয়। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেন।
তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসটির অধিকাংশ অংশ পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইফতেখার চৌধুরী রায়হান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। বিষয়টির তদন্ত চলছে।
