logo

সবার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী

সবার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: সমাজকল্যাণমন্ত্রী
দিনাজপুরের বিরামপুরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধান অতিথি ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন। ছবি : এশিয়া পোস্ট

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টাই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনসচেতনতা ও জনগণের সহযোগিতার মাধ্যমেই এই ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।