logo

এক্সপ্রেসওয়েতে হঠাৎ বাসের ব্রেক, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, মাদারীপুর
এক্সপ্রেসওয়েতে হঠাৎ বাসের ব্রেক, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু
মানচিত্রে মাদারীপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

মাদারীপুরের শিবচর উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস থেকে পড়ে সাত্তার হাওলাদার নামে এক যাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার (২৮ মে) দুপুরের দিকে এক্সপ্রেসওয়ের পদ্মাসেতু-সংলগ্ন সীমানা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা। তিনি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা পরিবহন নামের বাসে উঠেছিলেন।

হাইওয়ে পুলিশ জানায়, বাসের সামনে (ইঞ্জিন কভারে) বসে ছিলেন সাত্তার হাওলাদার। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক করে। এ সময় ছিটকে বাস থেকে দরজা দিয়ে বাইরে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ করে জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।