logo
Advertisement

আওয়ামী লীগের বিগত ৪টি নির্বাচন ভুয়া ছিল: স্থানীয় সরকারমন্ত্রী

এশিয়া পোস্ট নিউজ,নরসিংদী
আওয়ামী লীগের বিগত ৪টি নির্বাচন ভুয়া ছিল: স্থানীয় সরকারমন্ত্রী
পলাশ উপজেলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : এশিয়া পোস্ট

আওয়ামী লীগের বিগত ৪টি নির্বাচন ভুয়া ছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি বলেন, তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছিল। এমনকি যারা ভোট দিতে যাননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দিয়ে দেওয়া হয়েছিল।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষকে একটি চমৎকার স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন। ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ও উপজেলা পরিষদগুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা হবে।

তিনি আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের কল্যাণে কাজ করে। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাজনীতি করছেন, যার সুফল দেশের ১৮ কোটি মানুষ পাবে।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং শ্রমিক দলের সভাপতি আলামিন ভূঁইয়াসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী।