দিনাজপুরে আইডিয়াল রেসিডেন্সিয়ালের ২৪২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ-৫

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক ও সমমান পরীক্ষায় অংশ নিয়ে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত ফলে এমন সাফল্য অর্জনের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের আনন্দের জোয়ার বইছে।
এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে রংপুর বিভাগের আট জেলার মোট ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৯২৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ১৩ হাজার ৬৩৯ জন। শতভাগ পাস করেছে ২৮৩টি বিদ্যালয়। ১৮টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি।
এর মধ্যে ২৪২ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়ে অনন্য কৃতিত্ব অর্জন করেছে চিরিরবন্দর উপজেলার আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল।
একই উপজেলার মেহের হোসেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭৪ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭৩ জন। এ ছাড়া আমেনা বাকি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ২১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০২ জন, সিটি রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৭১ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৬৫ জন, ড্যাফোডিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে ৯১ জন অংশ নিয়ে ৬৬ জন জিপিএ-৫ পেয়েছে।
আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম বলেন, ছাত্রদের নিয়মিত অধ্যাবসায়ের পাশাপাশি শিক্ষকদের নিবিড় পরিচর্যা, আন্তরিকতা ও অভিভাবকদের পূর্ণ সহযোগিতায় এই ফলাফল অর্জিত হয়েছে।
.png)


