প্রেমের টানে চীন থেকে কুমিল্লায়, মেয়ের পরিবারের আপত্তিতে হলো না বিয়ে

প্রেমের টানে চীন থেকে কুমিল্লার দেবিদ্বারে ছুটে আসেন জেকুইন (৩৫) নামের এক যুবক। তবে দীর্ঘ আলোচনার পরও প্রেমিকার পরিবারকে বিয়েতে রাজি করাতে ব্যর্থ হয়ে মধ্যরাতে পুলিশের সহযোগিতায় প্রেমিকার বাড়ি ছেড়ে চলে যান তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের নুসরাত জাহান তামান্নার বাড়িতে যান জেকুইন। চীন থেকে এক যুবক প্রেমিকার বাড়িতে এসেছেন—এমন খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় জমান উৎসুক জনতা।
চীনা যুবক জেকুইন জানান, প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাটের মাধ্যমে তামান্নার সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তা ভালোবাসায় গড়ায়। প্রেমিকার সঙ্গে দেখা করতে ও তাকে বিয়ে করার উদ্দেশ্যে ১৯ নভেম্বর তিনি চীন থেকে বাংলাদেশে আসেন। শুরুতে ঢাকার একটি আবাসিক হোটেলে অবস্থান করেন এবং শুক্রবার সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে পৌঁছান।
প্রেমিকা তামান্না জানান, তিনি জেকুইনকে বিয়ে করে চীনে পাড়ি জমাতে আগ্রহী। তবে তার মা-বাবা ও স্থানীয় লোকজন এ বিয়েতে রাজি হননি। অনেক বুঝিয়ে ও আলোচনা করেও পরিবারকে সম্মত করা না যাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহায়তা নেওয়া হয়। একপর্যায়ে শুক্রবার মধ্যরাতে পুলিশের সহযোগিতায় বাড়ি ছাড়েন ওই চীনা যুবক।
তামান্নার বাবা আমীর হোসেন বলেন, ‘আমরা দরিদ্র পরিবারের মানুষ। মেয়ের সঙ্গে ওই যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়েছে। তিনি এক মাসের ভ্রমণ ভিসায় বাংলাদেশে এসেছেন। বিয়ের জন্য তার পরিবার ও সংশ্লিষ্ট দেশের আইনগত সম্মতিপত্র নিয়ে এলে মেয়েকে বিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করব।’
ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, চীনা যুবকের আগমনের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তার ভাষ্যমতে, যুবকটি এক মাসের ভ্রমণ ভিসায় এসেছেন এবং বিয়ের প্রয়োজনীয় কোনো অনুমতিপত্র তার কাছে ছিল না।
সাম্প্রতিক সময়ে বিয়ের পর প্রতারণা ও ব্ল্যাকমেলের নানা ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, পরিবারের সম্মতি না থাকায় পুলিশের সহায়তায় রাতেই তাকে গ্রাম ছাড়তে হয়।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চীনা যুবকের আসার খবর পেয়ে তার নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে প্রেমিকার পরিবার বিয়েতে সম্মতি না দেওয়ায় শুক্রবার রাতেই তিনি বাড়ি ছেড়ে চলে যান।



