সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে একটি হোটেলে দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খাওয়ার পর অসুস্থ হয়ে মো. ইব্রাহিম (২২) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর ইব্রাহিমকে মৃত ঘোষণা করা হয়।
মো. ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে দুপুরের খাবারের সঙ্গে চিংড়ি মাছ খান ইব্রাহিম। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই তিনি অস্বস্তি ও তীব্র শ্বাসকষ্ট অনুভব করতে থাকেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্পিডবোটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফয়েজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ইব্রাহিমের আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য বিকেল ৩টার দিকে সেন্টমার্টিন জেটিঘাট থেকে স্পিডবোটে তাকে টেকনাফের উদ্দেশে নেওয়া হয়। বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. এনামুল হক বলেন, ইব্রাহিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার আগে থেকেই অ্যালার্জিজনিত সমস্যা ছিল।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

