Advertisement

ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে আজমিরীগঞ্জের এসআই ক্লোজ

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
ফল বিক্রেতার মোবাইল চুরির অভিযোগে আজমিরীগঞ্জের এসআই ক্লোজ
এসআই রাসেল মিয়া। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ফল বিক্রেতার মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগে রাসেল মিয়া নামের এক উপপরিদর্শককে (এসআই) পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজ) করা হয়েছে।

Advertisement

সোমবার (১০ আগস্ট) তাকে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। এর আগে শনিবার (৮ আগস্ট) রাত ৮টা ৪৯ মিনিটের দিকে আজমিরীগঞ্জ বাজারের রাজিব আহমেদের ফলের দোকানে মোবাইল নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

দোকানের সিসিটিভি ফুটেজে এসআই রাসেল মিয়াকে রাজিব আহমেদের ফলের দোকানে প্রবেশ করে পেয়ারা ও লটকন কিনতে দেখা যায়।

ফুটেজ অনুযায়ী, ফল কেনার পর প্রায় পাঁচ মিনিট সেখানে অবস্থান করেন এসআই রাসেল। এ সময় দোকানের টেবিলের ওপর রাজিব আহমেদের কালো রঙের একটি স্মার্টফোন রাখা ছিল। তখন হাতে থাকা একটি ফাইল ও নিজের লাল রঙের মোবাইল ফোনটি দোকানির মোবাইলের ওপর রাখেন এসআই রাসেল। পরে কথা বলতে বলতেই দুটি ফোন পকেটে ঢুকিয়ে নেন তিনি। ফলের ব্যাগ হাতে আরও প্রায় এক মিনিট কথা বলার পর তিনি দোকান থেকে বেরিয়ে যান।

কিছুক্ষণ পর নিজের মোবাইল ফোন খুঁজে না পেয়ে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন রাজিব আহমেদ। ফুটেজে এসআই রাসেলকে ফোনটি নিয়ে যেতে দেখেন। পরে তিনি তার কাছে মোবাইলটি ফেরত চান। তবে রাসেল প্রথমে ফোন নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। পরে সিসিটিভি ফুটেজের বিষয়টি জানানো হলে গভীর রাতে ফোনটি ফেরত না দিয়ে রাজিবকে ১৫ হাজার টাকা দেন বলে জানান ওই ব্যবসায়ী।

ব্যবসায়ী রাজিব আহমেদ বলেন, ‘আমার মোবাইল ফোন নিয়ে যাওয়ার পর রাতে এসআই রাসেল ফোনটি হারিয়ে ফেলেছেন বলে জানান। এ কারণে তিনি আমাকে ১৫ হাজার টাকা দিয়েছেন।’

এ বিষয়ে বক্তব্যের জন্য অভিযুক্ত এসআই রাসেল মিয়ার মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন জানান, তিনি সিসিটিভি ফুটেজটি দেখেছেন। ব্যবসায়ীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। মোবাইল ফোন হারিয়ে ফেলায় এসআই রাসেল ১৫ হাজার টাকা পরিশোধ করেছেন।

ঘটনাটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে জানিয়ে ওসি আকবর হোসেন বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর সোমবার এসআই রাসেল মিয়াকে হবিগঞ্জ পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে।