কীর্তনখোলার ভাঙনে বিলীন হচ্ছে তীররক্ষা ব্লক, হুমকিতে দুই স্কুলসহ শতাধিক স্থাপনা

নদীর ভাঙন ঠেকাতে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল তীররক্ষা বাঁধ। সেই বাঁধের কংক্রিটের ব্লকই এখন ধসে পড়ছে কীর্তনখোলায়।
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকায় নদীর তীব্র স্রোতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তীর সংরক্ষণ প্রকল্পের বিভিন্ন অংশ। এতে ঝুঁকিতে পড়েছে অন্তত ৮০ থেকে ৮৫টি পরিবারের বসতবাড়ি, দুটি শিক্ষাপ্রতিষ্ঠান, একটি মাদ্রাসা ও স্থানীয় একটি সামাজিক সংগঠনের স্থাপনা। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, শুষ্ক মৌসুমে ভাঙন ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে আগামী বর্ষায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, কীর্তনখোলা নদীর ভাঙন প্রতিরোধে ২০২০ সালে ৩৩১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে একটি প্রকল্প বাস্তবায়ন করে পাউবো। প্রকল্পের আওতায় নগরের বেলতলা থেকে চরবাড়িয়া পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ৪ লাখ ৭৫ হাজার জিও ব্যাগ ও ১২ লাখ ২০ হাজার সিসি ব্লক ফেলে নদীর তীর সংরক্ষণ করা হয়। পাশাপাশি নদীর নাব্যতা রক্ষায় চরবাড়িয়া পয়েন্টে প্রায় ছয় কিলোমিটার এলাকায় খনন করা হয়।
২০২৩ সালে প্রকল্পের কাজ শেষ হওয়ার পর বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের ভাঙার পাড় এলাকা দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে সেখানে মানুষের আনাগোনা বাড়ে। পর্যটকদের কেন্দ্র করে গড়ে ওঠে বিভিন্ন ধরনের খাবারের রেস্তোরাঁ। তবে কয়েক বছরের ব্যবধানেই সেই এলাকার তীররক্ষা ব্লক ধসে পড়তে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা আবু বক্কর বলেন, গত বর্ষা মৌসুমে চরবাড়িয়া সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন খালের মুখ থেকে নদীভাঙন শুরু হয়। এরই মধ্যে বটতলা থেকে শিকদার বাড়ি পর্যন্ত তীর সংরক্ষণের ব্লক ধসে পড়েছে। বর্ষা মৌসুমে ওই এলাকায় কিছু জিও ব্যাগ ফেলা হলেও নদীর গভীরতা বেশি হওয়ায় তাতে ভাঙন ঠেকানো সম্ভব হয়নি। বর্তমানে সেখানে কাজও বন্ধ রয়েছে।
আবু বক্কর আরও বলেন, পানি উন্নয়ন বোর্ড ওই অংশকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়েছে। কিন্তু ভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো কাজ হচ্ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে নদীতীরবর্তী ৮০ থেকে ৮৫টি পরিবার ভাঙনের শিকার হতে পারে। ঝুঁকিতে রয়েছে চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা এবং স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান নিলয় সংগঠনের স্থাপনা।

স্থানীয় বাসিন্দা ও শিক্ষাপ্রতিষ্ঠান সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কয়েক সপ্তাহ ধরে কীর্তনখোলা নদীর তীব্র স্রোতে চরবাড়িয়া এলাকার তীরবর্তী অংশে ভাঙন বাড়ছে। নদীর দিকে ক্রমেই সরে যাচ্ছে পাড়ের মাটি। এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলে এলাকার শত শত শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হবে। একই সঙ্গে বসতবাড়ি ও অন্যান্য স্থাপনা হারানোর শঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।
তাদের দাবি, বর্ষা মৌসুমের অপেক্ষা না করে এখনই ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। শুষ্ক মৌসুমে প্রয়োজনীয় মেরামত ও সংরক্ষণকাজ করা না হলে আগামী বর্ষায় অবশিষ্ট ব্লকও ধসে পড়তে পারে। এতে একের পর এক বসতবাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হওয়ার ঝুঁকি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, কীর্তনখোলা নদীর ভাঙনে তীর সংরক্ষণের প্রায় ২০০ মিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য নকশা প্রণয়নের কাজ চলছে। নকশা শেষ হলে প্রকল্প প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।


