logo

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ডুবে মারা গেল দুই কিশোর

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে ডুবে মারা গেল দুই কিশোর
পরিবারে শোকের মাতম। ছবি: এশিয়া পোস্ট

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ১৩ বছরের তামিম ও ১৪ বছরের সাদমান নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

তামিম কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে এবং সাদমান সুরুজ মিয়ার ছেলে। মৃত দুই কিশোর সম্পর্কে চাচাতো ভাই।

পরিবার জানায়, চার বন্ধু একসঙ্গে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের সময় তামিম ও সাদমান পানিতে তলিয়ে যায়। সঙ্গে থাকা দুই বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন। খোঁজাখুঁজির পর দুই কিশোরকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা রায়হান বলেন, একসঙ্গে খেলাধুলা করত তারা। দুপুরে গোসল করতে গিয়ে এমন ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেনি।

স্থানীয় বাসিন্দা রওশন মিয়া বলেন, ছেলে দুইটা খুবই শান্ত ও ভদ্র ছিল। এমন দুর্ঘটনায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে গেছে।

পীরগঞ্জের চতরা ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক বলেন, ঘটনাটি দুঃখজনক। দুই কিশোরের মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।