ফেনীতে দুই বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান

ফেনী শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোড এলাকায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে অধিদপ্তরটির ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে জেলা পুলিশের একটি টিম।
অভিযান সূত্রে জানা যায়, শহরের কুমিল্লা বাসস্ট্যান্ড ও ট্রাংক রোড এলাকার বিভিন্ন ব্র্যান্ডের বেকারি ও পেস্ট্রি শপে এ মনিটরিং চালানো হয়। এ সময় উৎপাদিত পণ্যের মোড়কে মেয়াদসহ প্রয়োজনীয় তথ্য না থাকা এবং আমদানিকৃত শিশুখাদ্যে নিয়ম অনুযায়ী দেশীয় মুদ্রায় মূল্য ও প্রয়োজনীয় নির্দেশনা উল্লেখ না থাকায় কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকার ‘মেসার্স হ্যাভেন বেকার্স’কে সতর্ক করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
একই অভিযোগে ট্রাংক রোড এলাকার ‘মেসার্স রসমেলা’কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে ভোক্তা-অধিকারবিরোধী কর্মকাণ্ড বন্ধে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ভোক্তা-অধিকার রক্ষায় তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।



