দৌড়ে রাস্তা পার হচ্ছিল শিশুটি, মারা গেল অটোরিকশাচাপায়

ভোলার লালমোহন উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় মোহাম্মদ আব্দুল্লাহ নামে সাত বছরের এক শিশু নিহত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ৮টার দিকে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আব্দুল্লাহ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দৌড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। আহত শিশুটিকে ওই অটোরিকশাযোগে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।



