
সিলেট নগরের একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) আব্দুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১২টা থেকে নগরের জল্লারপাড় এলাকার ‘হোটেল গ্র্যান্ড প্যালেসে’ এ অভিযান শুরু হয়। টানা পাঁচ ঘণ্টার তল্লাশি শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোররাত ৫টার দিকে তাদের আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন- সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান, বদির দুই ভাই আমিনুর রহমান ও আব্দুস শুক্কর, টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর, মোহাম্মদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জল্লারপাড়ের হোটেল গ্র্যান্ড প্যালেসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের কয়েকজন শীর্ষ নেতা অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১২টার দিকে হোটেলটি ঘিরে ফেলে কোতোয়ালি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের খবর ছড়িয়ে পড়লে ছাত্রদল ও যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী হোটেলটির নিচে অবস্থান নেন।
হোটেল কর্তৃপক্ষ জানায়, সিলেট ভ্রমণের কথা বলে আটককৃত ব্যক্তিরা মঙ্গলবার সকালে হোটেলটিতে কক্ষ ভাড়া নিয়ে উঠেছিলেন।
অভিযান শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমাদের কাছে গোপন সংবাদ ছিল যে এই হোটেলটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান করছেন। সেই তথ্যের ভিত্তিতে রাত ১২টা থেকে হোটেলটি ঘিরে রাখা হয় এবং পরবর্তীতে পুরো হোটেলে তল্লাশি চালিয়ে চারজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কক্সবাজার জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

