যতই সংকট আসুক, বিএনপিকে নিশ্চিহ্ন করা যাবে না: দুলু

বিএনপিকে ধ্বংস করার জাতীয় ও আন্তর্জাতিক সব চক্রান্ত ব্যর্থ হয়েছে উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছেন, তারাই আজ ধ্বংস হয়ে গেছেন। যত সংকটই আসুক না কেন, এই দলকে কেউ নিশ্চিহ্ন করতে পারবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নাটোরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন বেলা সাড়ে ১০টায় জেলা বিএনপির আয়োজনে আলাইপুরে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কোরআনখানি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পরে কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এক সমাবেশ।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, শহীদ জিয়াউর রহমানকে হত্যার পর ভেবেছিল বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু দল আরও শক্তিশালী হয়েছে। আশির দশকে এরশাদ ক্ষমতা দখল করে নেতাদের ভাগিয়ে নিলেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে নেমে আন্দোলন জোরদার করেন।
তিনি আরও বলেন, ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সেনাসমর্থিত সরকারও জিয়া পরিবার ও বিএনপিকে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু জনগণের ভালোবাসায় বিএনপি আজ আরও সুসংগঠিত।
জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন এবং জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ জ্যেষ্ঠ নেতারা। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।



