অটোরিকশা থামাতেই দুজনের দৌড়, ট্রাভেল ব্যাগে মিলল ৮ অস্ত্র

কক্সবাজারের মহেশখালীতে একটি সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে ৮টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, শনিবার (২৯ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা চৌরাস্তা মোড় চেকপোস্টে এই অস্ত্র উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া (৩৪) এবং ছোট মহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে (৩৮)। উদ্ধার করা অস্ত্রশস্ত্রের মধ্যে দুটি দেশীয় তৈরি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি রয়েছে।
পুলিশ জানিয়েছে, এসব অস্ত্রের ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত এবং ব্যবহারের জন্য পুরোপুরি সচল ছিল।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ অভিযানের অংশ হিসেবে আদিনাথ জেটিঘাট থেকে বদরখালীগামী একটি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হয়। গাড়িটি থামার পর ভেতর থেকে দুজন দৌড়ে পালিয়ে যান।
তিনি আরও জানান, পুলিশ হাতেনাতে অন্য দুজনকে আটক করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে তাদের শিকারোক্তি অনুযায়ী গাড়িতে থাকা একটি কালো রঙের ট্রাভেল ব্যাগ তল্লাশি করে আটটি সচল আগ্নেয়াস্ত্র, দুটি মোবাইল ফোন ও ব্যাগটি জব্দ করা হয়।
মহেশখালী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, আটক দুই ব্যক্তি ও পলাতক দুই আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং পলাতক দুজনকে গ্রেপ্তারে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
এর আগে, গত ২১ আগস্ট মহেশখালীর শাপলাপুর মিঠাছড়ি এলাকার পাহাড়ি গহিন অরণ্যে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও তৈরির সরঞ্জামসহ একজনকে আটক করেছিল পুলিশ।



