Advertisement

২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ ৩ নেতা

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাহদীসহ ৩ নেতা
থানা থেকে পরিবারের জিম্মায় মুক্তি পেয়ে বের হচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ আটক অন্য নেতারা। ছবি : এশিয়া পোস্ট

আটকের প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় মুক্ত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিন নেতা।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়। এর আগে, সোমবার (১৭ আগস্ট) বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণ থেকে ‘সর্বস্তরের ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ।

পরিবারের সদস্য ও আন্দোলনকারীরা জানান, অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাসসংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে অংশ নিতে নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা কোর্ট মসজিদ প্রাঙ্গণে জড়ো হওয়ার সময় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। প্রায় ২১ ঘণ্টা আটক রাখার পর মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

মুক্তির পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসান বলেন, জনগণের নিত্যদিনের দুর্ভোগ ও দাবির পক্ষে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পুলিশ অন্যায়ভাবে আমাদের তুলে নিয়ে যায়। কোনো মামলা বা অভিযোগ ছাড়াই কেন আটক রাখা হলো, সে বিষয়েও কিছু জানানো হয়নি।

ভবিষ্যতেও জনগণের যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার বিষয়ে বক্তব্য জানতে হবিগঞ্জ সদর মডেল থানায় একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বিষয় :