টোল আদায়কারীর ঘুষির পর বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার মদনে পৌর এলাকায় টোল আদায়কারীর ঘুষির আঘাতে আব্দুল বারেক নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে মদন পৌর এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত আব্দুল বারেক মদন উপজেলার চানগাঁও গ্রামের মৃত আব্দুল গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বারেক সম্প্রতি অসুস্থ অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজে ভর্তি ছিলেন। সোমবার সকালে সেখান থেকে অটোরিকশাযোগে নেত্রকোনার মদন উপজেলার নিজ বাড়িতে ফিরছিলেন। পথে দুপুর দিকে পৌর এলাকায় পৌঁছালে স্থানীয় পৌর টোল আদায়কারী আতিকুলের সঙ্গে অটোরিকশাচালক রায়হানের পৌর টোল আদায় নিয়ে কথা-কাটাকাটি ও মারামারি শুরু হয়।
একপর্যায়ে অটোরিকশায় থাকা বৃদ্ধ আব্দুল বারেক মারামারি থামাতে গেলে কিলঘুষির আঘাতে গুরুত্বর আহত হন। পরে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, ইতিমধ্যে অভিযুক্ত টোল আদায়কারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

