সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেলসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে শনিবার সকালে নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঘটনার সময় কার্যালয়টির পেছনের দিকের দুটি জানালা এবং সামনের দিকে দরজার পাশের একটি ছোট জানালা খোলা। বিস্ফোরণের আগে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম ও সদস্য রওশন কাগুজিসহ ১০ থেকে ১২ জন নেতাকর্মী কার্যালয়ে অবস্থান করছিলেন।
পরে তারা কার্যালয়ে তালা দিয়ে চাবি স্থানীয় এক চায়ের দোকানে রেখে পাশের একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তারা দ্রুত কার্যালয়ের দিকে ছুটে যান। সেখানে গিয়ে দেখতে পান কার্যালয়ের দরজা খোলা এবং ভেতরের এক পাশে আগুন জ্বলছে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
প্রতিবাদে ওই রাতে কৃষ্ণনগর বাজার এলাকায় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. ইদ্রিস আলী বলেন, শব্দ শুনে আমরা গিয়ে দেখি বোমার মতো কিছু একটা বিস্ফোরণ হয়েছে। আমরা ভেতরে ঢুকার পরও একবার বিস্ফোরণ হয়। মানুষ ভয় পেয়ে দ্রুত চলে যায়।
যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম বলেন, সরকারের ভারমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ ধরনের কর্মকান্ড করা হয়েছে। এটি দলীয় কোনো কোন্দল নয়, সম্পূর্ণ বিরোধী দলের চক্রান্ত।
কালিগঞ্জ থানার ওসি জুয়েল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
