logo

নিয়োগপ্রক্রিয়া বাতিলের দাবি বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং কর্মচারীদের

নিয়োগপ্রক্রিয়া বাতিলের দাবি বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং কর্মচারীদের
বড়পুকুরিয়া কয়লা খনির আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনিতে চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করাসহ চাকরি স্থায়ী করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন আউটসোর্সিং কর্মচারীরা।

রোববার (৪ আক্টোবর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বড়পুকুরিয়া কয়লা খনির মুল ফটকের সামনে দুই ঘণ্টাব্যাপী এই মানবববন্ধন করেন তারা। পরে সেখানে একটি বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, হামিদপুর ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক, পাবর্তীপুর উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম, আউটসোর্সিং কর্মচারী তোফায়েল হোসেন, লিয়াকত আলী, ফরহাদ হোসেন, ইউপি সদস্য সাইদুর রহমান, শ্রমিক কর্মচারী মাহাবুব, ক্ষতিগ্রস্থ ১৩ গ্রামের আহ্বায়ক গোলাম মোস্তফা, এরশাদ প্রমুখ।

আউটসোর্সিং কর্মচারী তোফায়েল হোসেন বক্তব্যে বলেন, ২০-২৫ বছর দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে আসছি। কয়লা খনির কারণে জমি অধিগ্রহণের ফলে আমাদের অনেকে বসত-ভিটা, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা এমনকি বাপ-দাদার কবরস্থান পর্যন্ত হারিয়েছি।

তিনি বলেন, ২০০৯ সালের ১৫ মে বিসিএমসিএল কর্তৃপক্ষ এবং ক্ষতিগ্রস্ত জনগণের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকের ৮ ধারায় ক্ষতিগ্রস্তদের কয়লা খনিতে চাকরির ক্ষেত্রে সরকারি নীতিমালা শিথিল করে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রথম থেকে এই কোম্পানিতে ক্ষতিগ্রস্থদের স্থায়ী নিয়োগ দেওয়ার কথা থাকলেও আউটসোর্সিং কর্মচারী হিসেবে রেখে সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে আমাদের।

বক্তারা আরও বলেন, পরীক্ষার মাধ্যমে আবারও আমাদের বঞ্চিত করে অবৈধভাবে বহিরাগতদের অর্থাৎ বিসিএমসিএল-এর আওয়ামী ফ্যাসিস্ট কর্মকর্তাদের আত্বীয় স্বজনদের নিয়োগ প্রচেষ্টা চলছে। তা অবিলম্বে স্থগিত করতে হবে।

তারা বলেন, ক্ষতিগ্রস্থদের সঙ্গে সমঝোতা চুক্তি অনুযায়ী সরকারি নীতিমালা শিথিল করে কর্মরত সব রিটকারীর পক্ষে হাইকোর্টের রায়ের আলোকে স্থানীয় ক্ষতিগ্রন্থ পরিবার থেকে অগ্রধিকার ভিত্তিতে স্থায়ী নিয়োগ দিতে হবে। আমাদের যেসব কর্মচারী পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদেকেও পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। আগামী ১০ দিনের মধ্যে এই দাবি মেনে না নিলে কঠোর আন্দোলন করা হবে।

এ বিষয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের মহাব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ ছানা উল্লাহ জানান, আদালতের রায় অনুযায়ী নিয়েগের ব্যাপারে শতভাগ নিরপেক্ষতা এবং শততার সঙ্গে কাজ হচ্ছে। কোনো স্বজনপ্রীতি বা অন্য কোনো কিছু করার সুযোগ নেই। যারা লিখিত পরীক্ষা দিয়ে পাশ করেছে, তারা ভাইভার জন্য নির্বাচিত হয়েছে এবং ভাইভাতে যারা কোয়লিফাই হবে আদালতের রায় অনুযায়ী তারা নিয়োগপত্র পাবে।

তিনি বলেন, যারা আন্দোলনে এসেছে, মানবন্ধন করছে, তারা কেউ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। পরীক্ষায় উত্তীর্ণ না হলে দায়িত্ব কর্তৃপক্ষের না।