ক্যামেরা দেখে চিকিৎসকের দৌড়, ঘটনা তদন্তে হচ্ছে কমিটি

অফিস সময়ে সরকারি দপ্তরে দায়িত্ব পালনের পরিবর্তে বেসরকারি হাসপাতালে রোগী দেখছিলেন চাঁপাইনবাবগঞ্জের এক চিকিৎসক। সাংবাদিকরা তার সঙ্গে কথা বলতে গেলে ক্যামেরা দেখে দৌড় দেন ওই চিকিৎসক। সম্প্রতি এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে।
ভিডিওটি বিশ্লেষণ করে দেখা যায়, দৌড় দেওয়া চিকিৎসকের নাম ইনজামাম উল হক। তিনি জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার। তাকে একটি হাসপাতালের ভেতর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতে দেখা যায়।
চিত্র ধারণে যুক্ত সাংবাদিকরা জানান, ঘটনাটি বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ এলাকার। সেখানে অবস্থিত ‘চাঁপাই অ্যাপোলো হাসপাতাল’ নামে একটি প্রতিষ্ঠানে রোগী দেখছিলেন ইনজামাম উল হক।
ভিডিওতে ইনজামাম উল হককে এক রোগীর আলট্রাসনোগ্রাম করতে দেখা যায়। সাংবাদিকরা চিত্র ধারণের সময় তড়িঘড়ি করে চেয়ার ছেড়ে বের হয়ে যান তিনি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে হাসপাতাল থেকে ওই চিকিৎসককে দৌড় দিয়ে বের হতে দেখা যায়। তার পেছন পেছন কয়েকজন সাংবাদিকও ক্যামেরা নিয়ে ছুটতে থাকেন। রাস্তায় দাঁড়িয়ে ওই চিকিৎসক নিজের ফোন বের করে ‘তিনি সেখানে নামাজ পড়তে এসেছেন’ বলে ফেসবুকে লাইভ করতে থাকেন।
বিষয়টি নিয়ে কথা হয় চাঁপাই অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও তত্ত্বাবধায়ক শ্রী বিশ্বজিতের সঙ্গে।
দুজনই দাবি করেছেন, দুপুরে বিরতির সময় ইনজামাম উল হক তাদের হাসপাতালে এসেছিলেন। ঘটনাটি নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। একটি মহল চিকিৎসকদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।
ঘটনাটি নিয়ে জানতে ইনজামাম উল হকের ফোনে কল দিয়ে যোগাযোগের চেষ্টা করা হয়। একাধিকবার কল দিলেও রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন জানান, ঘটনার দিন সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই চিকিৎসক তার সঙ্গে দাপ্তরিক কাজে অফিসে ছিলেন। অফিস সময়ে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার বিষয়ে আগে তার কাছে কেউ কোনো অভিযোগ দেয়নি।
সিভিল সার্জন আরও জানান, এ ঘটনায় রোববার (৮ জুলাই) একটি আনুষ্ঠানিক তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।





