Advertisement

এমপি আয়নুলের গাড়িবহরে হামলা

এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
এমপি আয়নুলের গাড়িবহরে হামলা
সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য মো. আয়নুল হকের ওপর হামলা ও তার বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে হামলায় সংসদ সদস্য আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ধানগড়া বাজারে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসংক্রান্ত একটি জরুরি মতবিনিময় সভায় যোগ দেন সংসদ সদস্য আয়নুল হক। সভা চলাকালেই একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় এবং সংসদ সদস্যের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়।

হামলার পর সংসদ সদস্য আয়নুল হক দ্রুত স্থান ত্যাগ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরাসরি (লাইভ) এসে নিজের নিরাপত্তা নিশ্চিতকরণসহ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি দাবি করেন, এ হামলার সঙ্গে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সরাসরি জড়িত।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক ও ধানগড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম খান জানান, নির্ধারিত মতবিনিময় সভাস্থলেই আকস্মিকভাবে এই হামলার ঘটনা ঘটে।

এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান বলেন, হামলায় সংসদ সদস্য কোনো আঘাত পাননি, তবে তাঁর বহনকারী গাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।