logo

স্কুল থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার

স্কুল থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
পরিত্যক্ত অবস্থায় ল্যাপটপ উদ্ধার করছে পুলিশ। সোমবার সকালে পাবনার চাটমোহর উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশে। ছবি: এশিয়া পোস্ট

পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগে রাখা ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সকালে স্থানীয় কয়েকজন ইদিলপুর কালীমন্দিরের পাশে ঝোপঝাড়ে কয়েকটি ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগগুলো উদ্ধার করে। ব্যাগ তল্লাশি করে ১৭টি ল্যাপটপ পাওয়া যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, উদ্ধার হওয়া ল্যাপটপগুলো যাচাই-বাছাই করে দেখা হবে, এগুলো শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ল্যাপটপ কি না। নিশ্চিত হওয়ার পর আদালতের মাধ্যমে ল্যাপটপগুলো বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ল্যাব থেকে ১৭টি ল্যাপটপ ও অ্যাডাপ্টর চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।