logo
Advertisement

কুমিল্লা/পরিবার নিয়ে পরিসংখ্যান কার্যালয়ে থাকেন উপপরিচালক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুমিল্লা
পরিবার নিয়ে পরিসংখ্যান কার্যালয়ে থাকেন উপপরিচালক
কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ে পরিবার নিয়ে থাকেন উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লা জেলা পরিসংখ্যান কার্যালয়ের সরকারি ভবনের একটি অংশে পরিবার নিয়ে বসবাস করছেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর কুমিল্লা জেলার উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী। সরকারি নিয়ম তোয়াক্কা না করে কার্যালয়ের ভবনে পরিবার নিয়ে বসবাসের পাশাপাশি তিনি প্রতি মাসে মূল বেতনের ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতাও তুলে নিচ্ছেন।

অনুসন্ধানে জানা গেছে, আতিকুর রহমান দীর্ঘদিন ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে ওই কার্যালয়ে বসবাস করছেন। তার স্ত্রী তসলিমা আক্তার কুমিল্লা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের প্রভাষক। বিধি অনুযায়ী সরকারি অফিসের ভবন কেবল দাপ্তরিক কাজেই ব্যবহার হয়ে থাকে।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, উপপরিচালক দীর্ঘদিন ধরে কার্যালয়ের ভবনে পরিবার নিয়ে থাকছেন। তিনি বাড়িভাড়া ভাতা পাচ্ছেন কি না, সেটিও কর্তৃপক্ষের খতিয়ে দেখা উচিত।

ওই কর্মকর্তা আরও বলেন, সরকারি ভবনে বসবাসের বিষয়টি যদি অনুমোদিতও হয়ে থাকে, তাহলে এর জন্য কী শর্ত রয়েছে এবং সেই শর্ত অনুযায়ী বাড়িভাড়া ভাতা পাওয়ার সুযোগ আছে কি না, তা নথি দেখে নিশ্চিত হওয়া প্রয়োজন।

অভিযোগের বিষয়ে জানতে উপপরিচালক আতিকুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গেস্টরুমের বিষয়ে আমি কথা বলতে পারব না।

এ বিষয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. শামীমুল হকের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তবে পরিসংখ্যান ব্যুরোর পরিচালক (ভারপ্রাপ্ত) ও উপপ্রকল্প পরিচালক রফিকুল ইসলাম এশিয়া পোস্টকে জানান, এভাবে অফিসে থাকাটা ঠিক নয়।