logo
Advertisement

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২

এশিয়া পোস্ট নিউজ, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীসহ নিহত ২
ছবি : এশিয়া পোস্ট গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন।

Advertisement

শনিবার (৮ আগস্ট) দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীহাট এলাকায় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রহিমানপুর ইউনিয়নের মৃত দেবারু মোহাম্মদের ছেলে পথচারী আবুল হোসেন (৬০) এবং বালিয়াডাঙ্গী উপজেলার জিয়াবাড়ি এলাকার দেলাওয়ার হোসাইনের ছেলে মোটরসাইকেল আরোহী অর্ণব ইসলাম (১৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বালিয়াডাঙ্গীর দিক থেকে ঠাকুরগাঁওগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নেংড়ীহাট এলাকায় রাস্তা পারাপারের সময় পথচারী আবুল হোসেনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেলে থাকা চালকসহ দুই আরোহীও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আরোহী অর্ণব ইসলামের মৃত্যু হয়। অন্যদিকে মোটরসাইকেলচালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারীসহ দুইজন নিহত হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।