২০ বছর পলাতক থাকার পর র্যাবের জালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

দীর্ঘ ২০ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বুধবার (১৩ মে) সন্ধ্যায় বান্দরবান সদর উপজেলার লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে ধারণ করে মাদক, সন্ত্রাসবাদ ও খুনের মতো জঘন্য অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র্যাব। বিশেষ করে দীর্ঘদিন ধরে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-১৫ এর গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২০০৭ সালে বান্দরবান সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মামলার আসামি মং নু মং ওরফে মং নুকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। এ ছাড়াও তাকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও আরও ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
রায় ঘোষণার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যান এবং দীর্ঘ ২০ বছর নিজের পরিচয় গোপন রেখে পালিয়ে বেড়ান।
র্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বান্দরবান সদর থানাধীন লুইলান পাড়া নতুন ব্রিজ এলাকায় বিশেষ ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত আসামি মং নু মং প্রকাশ মংনু (৭১) বান্দরবান সদর থানার লুইলান হেডম্যান পাড়ার মৃত জ্য হ্লা প্রু’র ছেলে।
গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, র্যাব-১৫ আসামিকে থানায় হস্তান্তর করার পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
