logo

ফেনীতে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা

ফেনীতে ৫ ফার্মেসিকে ২৭ হাজার টাকা জরিমানা
ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে লাইসেন্স ও মেয়াদোত্তীর্ণ ওষুধের তদারকি করছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। ছবি : এশিয়া পোস্ট

ফেনীতে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অননুমোদিত ওষুধ মজুত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে পাঁচটি ফার্মেসিকে মোট ২৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ফেনী শহরের ব্যস্ততম ট্রাংক রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে বিভিন্ন ওষুধের দোকানে এ অভিযান চালানো হয়। এতে সার্বিক সহযোগিতা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর ফেনী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে কয়েকটি ওষুধের দোকানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত নয়, এমন অননুমোদিত ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ দোকানে রাখার প্রমাণ পাওয়া যায়। পরে ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’ অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচটি মামলায় সংশ্লিষ্ট ফার্মেসিগুলোকে অর্থদণ্ড দেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো লিংক ফার্মেসি ১০ হাজার টাকা, এম রহমান মেডিকেল স্টোর ৫ হাজার টাকা, সোলেমান মেডিকেল হল ৫ হাজার টাকা, দৌলত ট্রেডিং করপোরেশন ৫ হাজার টাকা এবং ঢাকা ফার্মেসি ২ হাজার টাকা। পাঁচটি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা এশিয়া পোস্টকে বলেন, অভিযানে কয়েকটি ওষুধের দোকানকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের যথাযথ লাইসেন্স সংগ্রহ করে তা প্রদর্শনপূর্বক ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।