logo

নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ময়মনসিংহ
নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি

ময়মনসিংহে নির্মাণাধীন একটি বহুতল ভবন থেকে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকেল পাঁচটার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম মাসুদ রানা (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভবন নির্মাণকাজের সুবাদে তাঁরা ময়মনসিংহ শহরে বসবাস করছিলেন। বিকেলে কলেজ রোড এলাকায় একটি বহুতল ভবনের লিফট স্থাপনের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দুই শ্রমিক আটতলা থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

বহুতল ভবনের মালিক মো. বেলাল বলেন, ভবন নির্মাণের জন্য ঠিকাদারকে (কন্ট্রাক্টর) প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। তিনিই শ্রমিক নিয়ে এসেছেন। এ ঘটনায় আমার কোনো ধরনের গাফিলতি নেই।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।